স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট

প্রতিবেদক: অনলাইন ডেস্ক / নিজস্ব প্রতিবেদক প্রকাশ: 14 October 2026, 12:00 pm

বিয়ের সময় বকেয়া রাখা দেনমোহর স্ত্রী দাবি করা মাত্রই স্বামীকে তা পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ জন্য স্ত্রীকে বিবাহবিচ্ছেদ কিংবা স্বামীর মৃত্যুর মতো কোনো ঘটনার জন্য অপেক্ষা করতে হবে না।

দেনমোহর সংক্রান্ত একটি সিভিল রিভিশন মামলার নিষ্পত্তি করে বিচারপতি আব্দুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ ও রায় দেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।

পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেন, আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো স্বামী দেনমোহর পরিশোধে অযথা গড়িমসি বা কালক্ষেপণ করলে এবং স্ত্রীকে তা আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হতে বাধ্য করলে সংশ্লিষ্ট বিচারিক আদালত মূল দেনমোহরের পাশাপাশি স্ত্রীকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারবেন।

হাইকোর্ট আরও বলেন, দেওয়ানি চুক্তি বা আইনের সুস্পষ্ট ব্যত্যয় ঘটিয়ে কোনো অবস্থাতেই দেনমোহরের কোনো অংশ কমানো, হ্রাস বা মওকুফ করার এখতিয়ার আদালতের নেই।