দুর্গাপূজায় নিরাপত্তার চাদরে বান্দরবান, গুজব-উসকানি ঠেকাতে সতর্ক বিজিবি

অনলাইন ডেস্ক প্রকাশিত: 18 October 2026, 05:08 am

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি সদস্য টহল দেবেন। এ ছাড়া ছয়টি বেইজ ক্যাম্প স্থাপন, বডি-অন ক্যামেরা ব্যবহার এবং ডগ স্কোয়াড ও মাইন সুইপিং টিম মোতায়েন করা হয়েছে।

শনিবার বান্দরবান সেক্টর সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে জন্য বিজিবি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে।

এই পরিকল্পনার আওতায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করার পাশাপাশি স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ এবং পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি ঠেকানোর বিষয়েও সতর্ক নজরদারি রাখা হবে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে বিজিবির।